ট্রাম্পের সঙ্গে নৈশভোজে তারেক রহমান, প্রকাশ্যে এলো ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর এ নৈশভোজের আয়োজন করা হয়।
নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত ওই নৈশভোজে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অংশ নেন। নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম অংশগ্রহণ। সফরে তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমানসহ বাংলাদেশের ৩৫ সদস্যের প্রতিনিধি দল।
নৈশভোজের আগে একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতঃরাশেও অংশ নেন। বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।
এদিকে, ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার ছবিটি পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখা যায়।
এনএনবাংলা/
