মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ১১ জন সংসদ সদস্য। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালেও একইভাবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। সে সময় ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনসংক্রান্ত সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন।
শিশির মনির বলেন, ‘রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বেআইনি।’
রিটকারীদের বক্তব্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্তের কোনো আইনগত কর্তৃত্ব রয়েছে কি না এবং এটি সংবিধান ও প্রচলিত আইনকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা আদালতের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।
রিটকারী ১১ সংসদ সদস্য হলেন—পাবনা-১ আসনের মুহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের মো. গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ, যশোর-১ আসনের মুহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক (রাহাদ), পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন এবং চট্টগ্রাম আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম।
এনএনবাংলা/

