আরও বোয়িং কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া নতুন এই চুক্তিকে স্বাগত জানিয়ে এটিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় ট্রাম্প সরকারের প্রশংসা করে এসব কথা লেখেন মার্কিন এই শীর্ষ কূটনীতিক। তিনি বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি অসাধারণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ট্রাম্পের অবদান তুলে ধরে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। ট্রাম্প উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে চাঙা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের এই অর্ডারকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই তুলে ধরেছেন তিনি।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি অনুযায়ী, আগেই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্ৰতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী গত ১ মে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব উড়োজাহাজ কিনতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার কোটি টাকার বেশি।
সার্জিও গোর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন। এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।
এনএনবাংলা/এফএস

