সাম্প্রতিক
Skip to content

খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

সকালের নাস্তা, দুপুরের খাবার কিংবা রাতের খাবার—সবসময় ভারতকে নিয়ে ভাবলে চলবে না, নিজের দেশের বিষয়েও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ভারত প্রসঙ্গে একের পর এক প্রশ্ন না করে সাংবাদিকদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর দিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডেইলি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাইতেই ইন্ডিয়া, লাঞ্চ খাইতেই ইন্ডিয়া, ডিনার খাইতেই ইন্ডিয়া—তাহলে ভাই আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবেন? খালি যদি ইন্ডিয়া ইন্ডিয়া করেন! নিজের দেশের চিন্তা করেন।’

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, যার সঙ্গে যখন বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠক করতে হবে কিংবা বহুপক্ষীয় ফোরামে গিয়ে কথা বলতে হবে, তা করা হবে। যেখানে যে সুযোগ থাকবে, বাংলাদেশ সেখানে সম্পৃক্ত হবে।

তিনি বলেন, নেতারা সবার সঙ্গে দেখা করতে পারেন না। অনেক আমন্ত্রণ থাকে। সাইডলাইনে অনেক অনুষ্ঠানে বাংলাদেশ অংশ নেবে।

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কি হবে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়া। সাইডলাইনে কার সঙ্গে বৈঠক হবে, তা শেষ মুহূর্তেও নির্ধারিত হতে পারে।

তিনি আরও বলেন, বহুপক্ষীয় ফোরাম এভাবেই কাজ করে। একজন নেতা শেষ মুহূর্তেও বলতে পারেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। বড় বড় সম্মেলনে এমনটাই হয়। সাইডলাইনে বিশ্বনেতাদের দৈনন্দিন কর্মসূচিতে অনেক পরিবর্তন আসে।

‘এসব যখন আসবে, যার সঙ্গেই বৈঠক হোক, আপনাদের জানানো হবে। আপনারাই প্রথম জানতে পারবেন,’ বলেন তিনি।

সীমান্ত হত্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে

সীমান্তে হত্যাকাণ্ড ও বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, এসব বিষয় কূটনৈতিকভাবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, সীমান্ত ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আইন ও সীমান্ত প্রটোকল রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের কাঠামোগত চুক্তিও রয়েছে। এসবের আওতায় উদ্বেগের বিষয়গুলো প্রতিটি পর্যায়ে তুলে ধরা হবে।

ভারতের সঙ্গে ১০১ চুক্তি যাচাই-বাছাই হচ্ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০১টি চুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে সংসদীয় কমিটিতেও বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে সাংবাদিকদের চিফ হুইপের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এনএনবাংলা/