ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এনসিপি।
কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সমন্বয় সভা
প্রার্থী ঘোষণার পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের সার্বিক দিকনির্দেশনা দেন।
সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আওয়ামী লীগের নাশকতার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ
সভায় পতিত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন নাহিদ ইসলাম।
সমন্বয় সভায় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার ও ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
