সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নতুন পে স্কেলে মূল বেতন দ্বিগুণ হলেও বাড়ি ভাড়ার হার কমছে

ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য নতুন ‍‍`জাতীয় বেতন স্কেল ২০২৬‍‍` এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো চূড়ান্ত অনুমোদন করেছে সরকার।

অনুমোদিত নতুন এই কাঠামোতে সামরিক, বেসামরিক, রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার সবার জন্য সমান রাখা হচ্ছে না। উচ্চপদে ইনক্রিমেন্টের হার কমিয়ে আনার কারণে গ্রেডভেদে যাদের বেতন বেশি, তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার তুলনামূলকভাবে কম নির্ধারিত হবে।

মন্ত্রিসভার সাম্প্রতিক এক বৈঠকে এই বেতন কাঠামোর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন কাঠামো-২০২৬ এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো অনুমোদিত হয়েছে। সেই বৈঠকের কার্যবিবরণী থেকে এই তথ্যগুলো জানা গেছে।

বর্তমান নিয়মে সব গ্রেডের কর্মীরা বার্ষিক ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান। নতুন কাঠামোয় এই একক হার তুলে দিয়ে গ্রেড অনুযায়ী আলাদা আলাদা হার নির্ধারণ করা হচ্ছে। ২০তম থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত হার অপরিবর্তিত থাকবে ৫ শতাংশে। এর ওপরের গ্রেডগুলোতে ধাপে ধাপে কমবে— ৫ম গ্রেডে ৪ শতাংশ, ৪র্থ ও ৩য় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং ২য় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ। সশস্ত্র বাহিনীতেও একই যুক্তিতে ক্যাপ্টেন ও তার নিচের পদে ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল-কর্নেল পদে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল পদে ২ দশমিক ৭৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট নির্ধারিত হচ্ছে।

সঙ্গে সঙ্গে বাতিল হচ্ছে ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনা ভাতাও, যা শুরুতে ৫ শতাংশ থাকলেও পরে ১০ শতাংশে উন্নীত করা হয়েছিল।

জাতীয় বেতন কমিশন ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করেছিল। তবে সচিব কমিটি তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার সুপারিশ করে। শেষ পর্যন্ত নতুন বেতন কাঠামোয় ১ম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ৮ম ও ৯ম গ্রেডেও কমিশনের প্রস্তাবের তুলনায় বেতন বৃদ্ধির হার কমানো হয়েছে। এই দুই গ্রেডে কমিশন প্রারম্ভিক মূল বেতন ১০৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। সচিব কমিটি তা কমিয়ে ১০০ শতাংশ করার সুপারিশ করে। অন্য গ্রেডগুলোতে কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার বহাল রাখা হয়েছে।

প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে। পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে। আর বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান ২০১৫ সালের স্কেলে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা নির্ধারিত ছিল, যা নতুন স্কেলে কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে মূল বেতন দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় শতাংশ কমলেও কর্মচারীরা বাড়ি ভাড়া বাবদ আগের চেয়ে বেশি অর্থ পাবেন। এছাড়া অন্যান্য সিটি করপোরেশন এবং সাভার উপজেলার জন্য বাড়ি ভাড়ার বিদ্যমান হার ৪০ থেকে ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ থেকে ৫০ শতাংশ করা হচ্ছে। একইভাবে দেশের সকল সিটি করপোরেশন ও সাভার এলাকার বাইরে কর্মরতদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

চিকিৎসা ভাতার ক্ষেত্রে নতুন বেতন স্কেলে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বিদ্যমান নিয়মে সব কর্মচারীর জন্য মাসিক চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকা এবং ৬৫ বছরের বেশি পেনশনভোগীদের জন্য দুই হাজার ৫০০ টাকা বরাদ্দ ছিল। নতুন কাঠামোতে কর্মচারীদের বয়স বিবেচনায় নিয়ে ৫০ বছর বয়স পর্যন্ত মাসিক চিকিৎসা ভাতা তিন হাজার টাকা এবং ৫০ থেকে ৬০ বছর বয়সীদের জন্য চার হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। এছাড়া ৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনভোগীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীরা মাসে ছয় হাজার টাকা করে চিকিৎসা ভাতা পাবেন।

এনএনবাংলা/এফএস