তারেক রহমানকে দুই দফায় আমন্ত্রণ জানিয়েছিল ভারত: জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য। অন্যটি ছিল বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জয়সোয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলাম। পরে বিমসটেকের চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনেও তাকে আমন্ত্রণ জানানো হয়। তাই তিনি দুটি আমন্ত্রণ পেয়েছিলেন—একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ব্রিকস সম্মেলনের জন্য।’
ভারতের মুখপাত্রের এই বক্তব্য এসেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে। গত ১০ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
হুমায়ুন কবিরের বক্তব্য ছিল, প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ না থাকলে তারেক রহমান কীভাবে ভারতে যাবেন।
এদিকে, টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার কোনো দেশ নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল।
গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের আমন্ত্রণ নিয়েই সাম্প্রতিক সময়ে দুই দেশের বক্তব্যে ভিন্নতা দেখা দেয়।
এনএনবাংলা/
