সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সেলুনে ঢুকে পাটালি গ্রুপের ফরহাদকে গুলি-চাপাতির হামলা, হাসপাতালে মৃত্যু

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের আরশিনগরে সেলুনে চুল কাটানোর সময় ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’র সদস্য বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে আরশিনগর এলাকার রাজ সেলুনে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, ফরহাদ মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সেখানে আরমান, সোহেল, কাল্লু, সাব্বিরসহ ৭-৮ জন কিশোর গ্যাং সদস্য তার কাছে ব্যবসার জন্য এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিন চাঁদা দাবি করে আসছিল। ফরহাদ ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের দাবি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার বেলা ৩টা ৭ মিনিটে তিনজন যুবক রাজ সেলুনে প্রবেশ করেন। তাদের মধ্যে একজন পিস্তল দিয়ে ফরহাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এরপর দুজন চাপাতি নিয়ে তার ওপর হামলা করেন। ফরহাদ পালানোর চেষ্টা করলে হামলাকারীদের একজন তার লুঙ্গি ধরে রাখেন। পরে অন্যরা চাপাতি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, নিহত ফরহাদ মোহাম্মদপুরের ‘পাটালি গ্রুপ’র সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় জড়িত দুই পক্ষই মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকার। পূর্ববিরোধের জের ধরে তারা আরশিনগরে এসে এ ঘটনা ঘটিয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ফরহাদ হোসেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনএনবাংলা/