ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলীমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইমরান খানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী।
আসন্ন ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওপর সরকারের চলমান দমনমূলক পদক্ষেপের মধ্যেই আলীমা খানকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানের অবিলম্বে মুক্তি এবং সংবিধানের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ২৭ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই। এর আগে ওই কর্মসূচিকে কেন্দ্র করে দলটির চার কর্মী-সমর্থককে আটক করা হয়। একই সঙ্গে রাজধানীজুড়ে নিরাপত্তা নজরদারিও জোরদার করা হয়েছে।
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এক্সে দেওয়া এক বার্তায় বলেন, আলীমা খানের বোন নোরিন নিয়াজী তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, পিটিআই স্পষ্ট করেছে যে তাদের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং কোনো ধরনের সংঘাত তারা চায় না।
গওহর আলী খান আরও বলেন, এমন পরিস্থিতিতে এমপিওর অধীনে আলীমা খানকে গ্রেপ্তার করা সহিংসতা ও উত্তেজনা উসকে দেওয়ার শামিল। তিনি এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে আলীমা খানের অবিলম্বে মুক্তির দাবি করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পিটিআই দাবি করেছে, লাহোরে বাড়ির সামনে থেকে কর্তৃপক্ষ আলীমা খানকে ‘অপহরণ’ করেছে। দলটির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক শেখ ওয়াকাস আকরাম তাকে অবিলম্বে আদালতে হাজির করার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, ভাই ইমরান খানের পক্ষে কথা বলার কারণে একজন বোনকে শাস্তি দেওয়া হচ্ছে।
পিটিআই এই ঘটনাকে পরিস্থিতির অবনতি ঘটানোর একটি ‘ভীরু ও পরিকল্পিত’ প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে।
অন্যদিকে বিরোধী জোট তেহরিক-ই-তাহাফফুজ আইইন-ই-পাকিস্তান (টিটিএপি) এক বিবৃতিতে আলীমা খানের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। জোটটি ঘটনাটিকে ‘রাষ্ট্রীয় নিপীড়ন ও রাজনৈতিক প্রতিশোধের সীমা লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে।
টিটিএপি বলেছে, আলীমা খানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে পাঞ্জাব সরকারের ‘নিপীড়ক ব্যবস্থা’ আরও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে তারা আলীমা খানের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।
এনএনবাংলা/
