ন্যাম ভবন থেকে সাতক্ষীরার সেই এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত-সমালোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পাওয়া যায়।
পুলিশ সূত্র জানায়, ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। খবর পেয়ে থানা পুলিশের সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন।
তবে ঘটনাস্থলে পৌঁছালেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো ওই কক্ষে প্রবেশ করেননি। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করার পর কক্ষে প্রবেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এখনো ঘটনাস্থলে আছি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।’
এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরবর্তী সময়ে নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
দলটির পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফরেনসিক আলামত সংগ্রহ ও পরবর্তী তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এনএনবাংলা/
