নড়াইলে ঝড়ে শ্রেণিকক্ষের ওপর গাছ পড়ে গুরুতর আহত ২ শিক্ষার্থী
নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকায় ক্লাস চলাকালে ঝড়ের সময় একটি বড় নারিকেল গাছ ভেঙে স্কুল ভবনের ওপর পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতরা শিক্ষার্থীরা হলো— ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় স্কুল ঘরের পাশে থাকা একটি ঝঁুকিপূর্ণ নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গাছের আঘাতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আহতদের চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসি। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে গাছটি ঝঁুকিপূর্ণ অবস্থায় থাকলেও তা অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কেন আগেই ব্যবস্থা নেওয়া হয়নি (?), এমন প্রশ্নেরও স্পষ্ট জবাব মেলেনি।
