Skip to content

রায়গঞ্জে দুই অটোচালক হত্যা, গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১০ দিনের ব্যবধানে দুই অটোরিকশা চালক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার ভূইয়াগাঁতী বাজারে এ কর্মসূচি পালিত হয়।

নিহত জাহের আকন্দের পরিবারের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পরও খুনিরা ধরা না পড়ায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধন চলাকালে সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে নাঈম শেখ নামে আরও এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়, যা এলাকায় আতঙ্ক আরও বাড়িয়েছে।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির সাবেক নেতা আইয়ুব আলী মণ্ডল, মনিরুজ্জামান মনি, সাংবাদিক এরশাদ আলী আকন্দ, হেলাল উদ্দিন ও যুবদল নেতা আলাউদ্দিন শেখ।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাগুলোর তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।