Skip to content

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার

হাওরাঞ্চলের ছয় জেলায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম নির্ধারিত সময়ের ১২ দিন আগেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আগামীকাল রোববার থেকেই এসব এলাকায় ধান ও চাল কেনা শুরু হবে।

এই কার্যক্রমের আওতায় থাকা জেলাগুলো হলো—নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হওয়ার কথা ছিল। তবে হাওরাঞ্চলের কৃষকদের ক্ষয়ক্ষতির কথা বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের আগেই রোববার থেকে এসব জেলায় একযোগে ধান ও চাল সংগ্রহ শুরু করা হচ্ছে।

অন্যদিকে, দেশের বাকি জেলাগুলোতে আগের সময়সূচিই বহাল থাকবে। অর্থাৎ সেখানে ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল।

সরকার নির্ধারিত সংগ্রহমূল্য অনুযায়ী প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা রাখা হয়েছে।

এছাড়া, প্রতি কেজি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার পরিকল্পনাও রয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সংগ্রহ কার্যক্রম চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

এনএনবাংলা/পিএইচ