পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৭২ আসনে, তৃণমূল ১১২ আসনে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে রয়েছে ১৭২টি আসনে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে ১১২টি আসনে, আর কংগ্রেস এগিয়ে আছে ১টি আসনে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলকে জিততে হবে অন্তত ১৪৮টি আসন।
স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। এর আগে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় বর্তমানে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।
কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই গণনা কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট, এরপর পর্যায়ক্রমে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রদত্ত ভোট গণনা করা হবে।-তথ্যসূত্র: আনন্দবাজার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস।
এনএনবাংলা/পিএইচ
