Skip to content

ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে মমতা

ভোট গণনার শুরু থেকেই কলকাতার ভবানীপুর কেন্দ্র ঘিরে উত্তেজনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছেন বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও সর্বশেষ প্রাপ্ত তথ্যে এগিয়ে গেছেন মমতা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই ও আনন্দবাজারের তথ্য অনুযায়ী, তৃতীয় রাউন্ড শেষে মমতার ঝুলিতে এসেছে ৯ হাজার ৩৫৯ ভোট, আর শুভেন্দুর প্রাপ্ত ভোট ৮ হাজার ৪৬১। ফলে ৮০০-র বেশি ভোটে এগিয়ে আছেন তিনি।

এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক মহলে তাই বাড়ছে আগ্রহ ও উত্তেজনা।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করায় আজ সোমবার (৪ মে) ২৯৩টি আসনে ভোট গণনা চলছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) থেকে কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা শুরু হয়।

গণনার শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা করা হবে।

প্রাথমিক প্রবণতা অনুযায়ী, রাজ্যজুড়ে এগিয়ে রয়েছে বিজেপি। দলটি ১৬৮টি আসনে এগিয়ে থাকলেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১১৪টি আসনে।

এনএনবাংলা/পিএইচ