Skip to content

এসএসসিতে মাদ্রাসা শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্য, কারিগরির চিত্র উল্টো

এই বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফলে গত বছরের তুলনায় বেশ উন্নতি হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটোই বেড়েছে।

এ বছর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ, যা গত বছর ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।

এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। এ বছর মাদ্রাসা বোর্ড থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২০৬ জন, যা গত বছর ছিল ৬ হাজার ২১৩ জন।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে বিপরীত চিত্র।

এ বছর কারিগরির শিক্ষার্থীর পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ, যা গত বছর ছিল ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

চলতি বছর এ বোর্ডে ৪ হাজার ৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছর ছিল ১৮ হাজার ১৪৫ জন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৮৬১টি প্রতিষ্ঠানের ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

—–ইউএনবি