সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ব্যাংকক যাত্রার এক ঘণ্টা পর ঢাকায় ফেরত এল বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এসেছে। যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় ফ্লাইটটি ফিরে আসে। উড়োজাহাজে যাত্রী ছিলেন ১৪৬ জন। পরে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের ব্যাংককে পাঠানো হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায় বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি মিয়ানমার থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

জানা গেছে, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা ১৭০ জন। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন। তখন উড়োজাহাজটি মিয়ানমারের আকাশসীমায় ছিল। নিরাপত্তার কারণে পাইলট ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নেন। বেলা ১টা ২১ মিনিটে এটি ঢাকায় অবতরণ করে।

বিমানের একাধিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, উড়োজাহাজটিতে আগে থেকে ইঞ্জিনে সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে এটি হ্যাংগারে মেরামতের জন্য রাখা হয়েছিল। গত সোমবার পরীক্ষামূলকভাবে এটিকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে চালানো হয়, যা সফল ছিল। এরপর আজ ব্যাংকক রুটে ফ্লাইটটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর আবারও এটি পুরোনো সমস্যার মুখোমুখি হয়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, ব্যাংককগামী ফ্লাইটটি এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে। কী কারণে সমস্যা হয়েছে, তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে। ফিরিয়ে আনা যাত্রীদের সন্ধ্যা ৬টা ২ মিনিটে আরও একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই বেলা ৩টা ৩৩ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটিও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজে পরিচালিত সেই ফ্লাইট এক ঘণ্টা আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে। সেবারও যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় উড়োজাহাজটি ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট।