সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভেনেজুয়েলার রাজধানীতে হামলা করেছে যুক্তরাষ্ট্র, স্বীকার করল ওয়াশিংটন

ভেনেজুয়েলার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনাতে হামলার ঘটনা ঘটেছে। দেশটি এই হামলার দায় যুক্তরাষ্ট্রকে দিয়েছে। ছবি: এএফপি

 

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করলেও হামলা সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ভেনেজুয়েলা সরকার এক সরকারি বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় আক্রমণ চালিয়েছে। বিবৃতিতে এই ঘটনাকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্র অনুযায়ী রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলার পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের লক্ষ্যেই ওয়াশিংটন এই হামলার পরিকল্পনা করেছে। তবে সরকার দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সে উদ্দেশ্য কখনোই সফল হবে না।

পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারা দেশে জরুরি অবস্থা জারি করেছেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, কারাকাসে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়ার কিছু সময় আগেই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বাণিজ্যিক বিমান চলাচলের জন্য ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। সংস্থাটি পরিস্থিতিকে ‘চলমান সামরিক তৎপরতা’ হিসেবে উল্লেখ করেছে।

এফএএর এই নিষেধাজ্ঞা জারির পরপরই কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার এবং অবৈধ অভিবাসনে প্ররোচনার অভিযোগ করে আসছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হবে মাদক চোরাচালান দমন করা। অন্যদিকে মাদুরোর অভিযোগ, ট্রাম্প ভেনেজুয়েলাকে উপনিবেশে পরিণত করতে চান এবং দেশটির বিপুল জীবাশ্ম জ্বালানি সম্পদের দিকেই মূলত তার নজর।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে নিকোলাস মাদুরোর বিজয়কে যে দেশগুলো স্বীকৃতি দেয়নি, যুক্তরাষ্ট্র তাদের অন্যতম।

রয়টার্সের প্রতিবেদন

এনএনবাংলা/পিএইচ