৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
সরকার দেশের কর্মসংস্থান বাড়াতে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতে ২৮৭৯টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে।
আইসিটি খাত উন্নয়নের লক্ষ্যে হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলোকে কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে পেপালের কার্যক্রম চালুর বিষয়েও একটি কমিটি কাজ করছে বলে জানান তিনি।
ক্রীড়াবিদদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে, যা জাতীয় বেতন কাঠামোর আওতায় প্রদান করা হচ্ছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ এই সুবিধা পেয়েছেন।
এছাড়া বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার জন্য জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসার আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে।
এনএনবাংলা/
