Skip to content

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেলেও পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, এই ফলাফল ‘ভোট লুটের’ মাধ্যমে এসেছে এবং তিনি এর বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন।

২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। ফলাফল ঘোষণার পর আজ মঙ্গলবার (৫ মে) বিকেলে কালীঘাটে সংবাদ সম্মেলন করেন মমতা ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘আমি কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্নই আসে না।’

তিনি আরও বলেন, ‘এতদিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্তবিহঙ্গ, সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিমসহ অন্যান্যরা।

মমতা জানান, বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা ফোন করে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তার ভাষ্য, জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে।

এদিকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব এবং হেমন্ত সোরেন ফোন করে সমবেদনা জানান এবং পাশে থাকার বার্তা দেন।

এনএনবাংলা/