Skip to content

বিমান প্রতিমন্ত্রী

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ এবং প্রায় সাড়ে ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ায় আধুনিক ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণ করা হবে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে। পাশাপাশি কার্গো ফ্যাসিলিটি স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়া পরিদর্শন করা হয়েছে। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের এই বৃহৎ উদ্যোগের সূচনা বগুড়া থেকেই হচ্ছে এবং বগুড়াবাসী সত্যিই ভাগ্যবান।

সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে বগুড়া বিমানবন্দরকে সম্প্রসারণ করে পাইলট ট্রেনিং একাডেমি এবং কার্গো ফ্যাসিলিটি স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনএনবাংলা/পিএইচ