রাজধানীর সব ভবনে সোলার বসানোর উদ্যোগ
বিদ্যুতের চাপ কমাতে রাজধানী ঢাকার প্রতিটি ভবনে সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ) বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে সৌর বিদ্যুৎকে আরও সহজলভ্য করা হবে। এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করে আগামী জুনের মধ্যেই সরকারি আদেশ জারি করা হবে।
তিনি আরও জানান, দেশে এখন পর্যন্ত ব্যাপকভাবে সোলার ব্যবস্থার বিস্তার না হওয়ার পেছনে নেতৃত্বের ঘাটতি একটি বড় কারণ। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বিশেষ করে সৌর ও বায়ু শক্তিকে অগ্রাধিকার দিতে চায়।
এর আগে গত ৫ মে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ইকবাল হাসান মাহমুদ জানান, আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
তিনি বলেন, এই লক্ষ্যের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী তিন মাসের মধ্যে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বাসসকে বলেন, নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে ৮০৯.৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ
