




যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ী আবাসনের আবেদনকারীদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। গ্রিন কার্ডের আবেদন জমা দেওয়ার পর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা অধিকাংশ অভিবাসীকে আর নিজ দেশে ফিরে যেতে হবে না; তারা আবেদন প্রক্রিয়াধীন অবস্থায় যুক্তরাষ্ট্রেই থাকতে পারবেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর সাম্প্রতিক একটি ঘোষণা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর বিষয়টি স্পষ্ট করেছে মার্কিন সরকার।
প্রাথমিক ঘোষণায় এমন ধারণা তৈরি হয়েছিল যে, গ্রিন কার্ড আবেদনকারীদের সাধারণত নিজ দেশে ফিরে গিয়ে বিদেশে অবস্থান করতে হবে, যদি না তারা ‘অসাধারণ’ কোনো ব্যতিক্রমের আওতায় পড়েন। তবে শুক্রবার (২৯ মে) ডিএইচএস জানায়, বিদ্যমান নীতিতে কোনো বড় ধরনের পরিবর্তন আনা হয়নি।
ডিএইচএসের এক মুখপাত্র বলেন, অভিবাসন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই কেস-বাই-কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন যে কোনো আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রিন কার্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কি না। সাম্প্রতিক নির্দেশনা মূলত সেই বিদ্যমান কর্তৃত্বের বিষয়টিই পুনর্ব্যক্ত করেছে।
বিভাগটি জোর দিয়ে জানিয়েছে, স্থায়ী বসবাসের জন্য আবেদন করা অধিকাংশ মানুষকেই তাদের আবেদন পর্যালোচনাধীন থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি দেওয়া হবে।
তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত অবস্থান (ওভারস্টে) বা অন্যান্য অভিবাসন-সংক্রান্ত জটিলতা থাকলে তা ব্যক্তিগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। যদিও কারা এই ব্যতিক্রমী নিয়মের আওতায় পড়বেন, সে বিষয়ে এখনো বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়নি।
গত সপ্তাহের ঘোষণাকে কেন্দ্র করে অভিবাসী সম্প্রদায় ও অধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এমনকি ডিএইচএসের কিছু কর্মকর্তার মধ্যেও নির্দেশনার প্রকৃত পরিধি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টিকে ‘রুটিন প্রশাসনিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত নয়।
তবে সর্বশেষ ব্যাখ্যার পরও কিছু প্রশ্ন রয়ে গেছে। বিশেষ করে কোন পরিস্থিতিতে আবেদনকারীদের গ্রিন কার্ড প্রক্রিয়াকালীন যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে, সে বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা দেয়নি সরকার। তবুও ডিএইচএসের সর্বশেষ অবস্থান অভিবাসীদের জন্য স্বস্তিদায়ক বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ অধিকাংশ গ্রিন কার্ড আবেদনকারী আবেদন প্রক্রিয়া চলাকালীন যুক্তরাষ্ট্রেই থাকতে পারবেন।
এনএনবাংলা/
Tags: Green Card USAUS Immigrationআমেরিকা ভিসাগ্রিন কার্ডগ্রিন কার্ড আবেদনযুক্তরাষ্ট্রের অভিবাসন
এ সম্পর্কিত আরও পড়ুন