Skip to content

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন, পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ

ছবি: সংগৃহীত

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। এতে কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকেই ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহকেরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের স্থান ত্যাগের অনুরোধ জানায়। তবে আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। পরে জলকামান ও টিয়ার শেল ব্যবহার করা হয়। এতে মতিঝিল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

আন্দোলনকারীদের দাবি, পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। তাদের আশঙ্কা, ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের ফলে অতীতে যেসব অনিয়ম ও বিতর্কের অভিযোগ উঠেছিল, সেগুলোর পুনরাবৃত্তি ঘটতে পারে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পরও তাদের একটি অংশ ব্যাংকের আশপাশে অবস্থান নেওয়ার চেষ্টা করে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যাংকপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সকাল থেকেই আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করা হয়েছে। এখানে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাংকের কার্যালয় রয়েছে। বিষয়টি বুঝিয়ে বলার পরও তারা সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলপ্রয়োগ করতে হয়েছে।

এনএনবাংলা/