৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, “তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অসঙ্গতি পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় তারা ৩ জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করে।
তদন্ত কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।
এদিকে, তদন্ত প্রতিবেদন প্রকাশের লক্ষ্যে কয়েক দিন আগে সংবাদ সম্মেলনের উদ্যোগ নিয়েছিল আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পরে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। একই দিন বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে হাসপাতালটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অবহেলার বিষয়টি উঠে আসায় নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ কী হতে যাচ্ছে, সেদিকে নজর এখন সংশ্লিষ্টদের।
এনএনবাংলা/
