আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

আবাসিক গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার একদিন পরই ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য বাড়তি মূল্য প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকদের বিদ্যুতের এনার্জি রেট পুনরায় প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৫ টাকা ২৬ পয়সা বহাল রাখা হয়েছে। নতুন এ সিদ্ধান্ত চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।
এর আগে বুধবার (৩ জুন) ঘোষিত নতুন মূল্যহারে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৫০ ইউনিট পর্যন্ত লাইফলাইন গ্রাহক এবং ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের মূল্যহারেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার পর সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই বিইআরসির এ সিদ্ধান্ত এসেছে।
এনএনবাংলা/
