Skip to content

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিনজন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সদর উপজেলার আতাহার এলাকার রাব্বিলের ছেলে আব্দুল্লাহ (১৪), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চক নরেন্দ্র গ্রামের আব্দুর রউফের স্ত্রী মাহমুদা বেগম (১৯), একই ইউনিয়নের রানীবাগি বাজারপাড়ার কাশেম আলীর মেয়ে সাহিদা খাতুন (১৬), মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল (১৪) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাপড়া গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমি আরা (৪০)।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, শিবগঞ্জে নিহত তিনজনই বাড়ির পাশের আমবাগানে ছিলেন। বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যায় আব্দুল্লাহ। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, একই সময়ে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুমি আরার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী আব্দুর রাকিব আহত হয়েছেন।

সদর ও নাচোল উপজেলায় নিহতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনএনবাংলা/