Skip to content

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই দেশের কৌশলগত ও রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এই যৌথ কমিটি কাজ করবে। পাশাপাশি প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী খলিলুর রহমান-কে সমর্থন দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পরে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি কক্সবাজার সফর করেন এবং রাতেই ঢাকায় ফিরে আসেন। শনিবার বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এনএনবাংলা/পিএইচ