২০২৫ সালের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী
২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’-এর নীতিতে বিশ্বাস করে।
সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমর্যাদা সম্পর্কে জনগণই চূড়ান্ত মূল্যায়ন করবে। তবে বাহিনীর সদস্যদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যা মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারে বিশেষ অবদান রাখার জন্য মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের মনোবল বাড়াবে। ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকবে। সরকার সবসময় দুষ্টের দমন ও শিষ্টের পালনের নীতিতেই পরিচালিত হবে।
এ সময় তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গও তুলে ধরেন। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক বলে টিআইবির যে মূল্যায়ন, তা মূলত পত্রিকাভিত্তিক তথ্যের ওপর নির্ভরশীল। বাস্তব পরিস্থিতিতে গত বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
এনএনবাংলা/পিএইচ
