ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় হঠাৎ করে সেবা বিভ্রাট দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের ব্যবহারকারীরাও প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ, বার্তা আদান-প্রদান এবং নিউজফিড ব্যবহারে সমস্যার মুখোমুখি হন।
সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইজডাউনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেসবুকের সেবা নিয়ে ৫ হাজার ৭০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকের সেবায় একটি বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা শনাক্ত হয়েছে।
ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, অনেক ক্ষেত্রে ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে অস্বাভাবিক বিলম্ব হচ্ছিল এবং অনেকেই অ্যাপে লগইন বা প্রবেশ করতে পারছিলেন না। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশেও সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অসংখ্য ব্যবহারকারী। বিভিন্ন অনলাইন গ্রুপ ও বিকল্প প্ল্যাটফর্মে তারা সেবা বিভ্রাটের বিষয়টি নিয়ে আলোচনা ও অভিযোগ জানান।
তবে কী কারণে এই বিভ্রাট ঘটেছে, কতক্ষণ ধরে সমস্যা চলবে কিংবা কখন নাগাদ সেবা পুরোপুরি স্বাভাবিক হবে—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
ফেসবুক ও মেসেঞ্জারের মালিক প্রতিষ্ঠান মেটা প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। ফলে সাময়িক এই সেবা বিভ্রাটও ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তি, উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি করেছে।
এনএনবাংলা/
