




বিশ্বকাপ ফুটবল ২০২৬ ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন বাংলাদেশও রঙে রঙে ভাগ হয়ে গেছে প্রিয় দলকে ঘিরে। অলিগলি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই চলছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনসহ বিভিন্ন দলের সমর্থকদের সরব উপস্থিতি।
এই আবেগের বাইরে নন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। কেউ ব্রাজিলের সাম্বা ফুটবলের প্রেমে মুগ্ধ, কেউ আর্জেন্টিনার ঐতিহ্য আর কিংবদন্তিদের কারণে দলটির সমর্থক। আবার কেউ ইউরোপিয়ান ফুটবলের ছন্দে খুঁজে পেয়েছেন নিজের পছন্দের দল।
ব্রাজিলের সমর্থক যেসব তারকা
বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকাদের মধ্যে মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, আসিফ আকবর, অপু বিশ্বাস, শবনম বুবলী এবং বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত।
প্রিয় দল সম্পর্কে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, “ব্রাজিলের খেলার মধ্যে একটা ছন্দ আছে। একটু অন্য রকম খেলে। খুব পছন্দ করি। দলটির জন্য অনেক অনেক ভালোবাসা।”
একই অনুভূতির কথা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম। তার ভাষায়, “ব্রাজিল আমার পছন্দের দল। ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিল। ছোটবেলা থেকেই ওদের খেলা পছন্দ করি। এবার বিশ্বকাপে প্রিয় দল ভালো করবে, সেই প্রত্যাশা করছি।”
আর্জেন্টিনার সমর্থকদের তালিকায় যারা
অন্যদিকে আর্জেন্টিনার সমর্থক তারকাদের তালিকাও কম দীর্ঘ নয়। এই তালিকায় রয়েছেন জাহিদ হাসান, মিথিলা, পরীমনি, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, আব্দুন নূর সজল, ইমন, পূজা চেরী, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, জায়েদ খান এবং তানজিকা আমিন।
চঞ্চল চৌধুরী বলেন, “আমার প্রিয় দল আর্জেন্টিনা। বুঝতে শেখার পর থেকেই এই দলের প্রতি আমার ভালোবাসা জন্মেছে। আমি যেমন আর্জেন্টিনা সমর্থন করি, আমার পুত্রও তাই করে। দুজনের পছন্দের দল এবারের বিশ্বকাপে ভালো কিছু করুক—এটাই প্রত্যাশা।”
আব্দুন নূর সজল বলেন, “অনেক কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাডোনা। খুব ছোটবেলায় প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার স্মৃতি আজও মনে পড়ে।”
মিথিলা বলেন, “শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। বিশ্বকে ওরা নান্দনিক খেলা উপহার দিয়ে যাচ্ছে বহু বছর ধরে। আমি ম্যারাডোনার খেলা যেমন ভালোবাসি, মেসির খেলাও ভালোবাসি। এই বিশ্বকাপে প্রিয় দল ভালো কিছু করুক, রেকর্ড করুক, সেটাই চাওয়া।”
স্পেনের সমর্থক সিয়াম আহমেদ
ব্রাজিল ও আর্জেন্টিনার বাইরে ইউরোপিয়ান ফুটবলের সমর্থকও রয়েছেন দেশের শোবিজ অঙ্গনে। জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ সমর্থন করেন স্পেনকে।
তিনি বলেন, “দেখা গেছে, বেশির ভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থন করলেও আমার পছন্দের দল স্পেন। ওদের খেলা খুব ভালো লাগে। খুব উপভোগ করি। অন্য রকম ছন্দ নিয়ে খেলে ওরা, যা আমাকে মুগ্ধ করে। এবার কোন দল জিতবে কেউ জানি না, কিন্তু আমার প্রত্যাশা স্পেন ভালো কিছু করুক।”
বিশ্বকাপের সময় দলভেদে মতপার্থক্য থাকলেও একটি বিষয়ে সবাই একমত—ফুটবল যেন উপহার দেয় স্মরণীয় সব মুহূর্ত, আর প্রিয় দল যেন নিজেদের সেরাটা দিয়ে সমর্থকদের আনন্দ উপহার দিতে পারে।
এনএনবাংলা/
Tags: আর্জেন্টিনা সমর্থকবাংলাদেশি তারকাবিশ্বকাপ ফুটবল ২০২৬ব্রাজিল সমর্থক
এ সম্পর্কিত আরও পড়ুন