বাজারে আসছে তুরস্কের তৈরি প্রথম স্মার্টফোন, থাকছে স্যাটেলাইট অ্যান্টেনা

তুরস্কের প্রযুক্তি খাতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশটির প্রতিরক্ষা খাতের খ্যাতনামা প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN), রাষ্ট্রীয় টেলিকম অপারেটর তুর্ক টেলিকম এবং টিটিটি ইনোভেশনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে তুরস্কের প্রথম নিজস্ব প্রযুক্তির স্মার্টফোন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শুরুতেই বাজারে আসবে নতুন এই ব্র্যান্ডের প্রথম তিনটি মডেল।
তুর্কি ওয়ার্ল্ড বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান আইদিন এরকোচ ও ভাইস চেয়ারম্যান নিয়াজি বার্কতাশ জানিয়েছেন, তিনটি মডেলের মধ্যে একটি হবে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তার জন্য বিশেষভাবে তৈরি উচ্চমানের এনক্রিপ্টেড হ্যান্ডসেট। দ্বিতীয়টি হবে সাধারণ ক্রেতাদের জন্য সাশ্রয়ী মডেল এবং তৃতীয়টি থাকবে সর্বাধুনিক প্রযুক্তির প্রিমিয়াম সংস্করণ হিসেবে।
ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যোগাযোগব্যবস্থা সচল রাখতে তিনটি মডেলেই স্যাটেলাইট অ্যান্টেনা যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ফোনগুলো ধুলো ও পানিনিরোধী হবে। জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংবেদনশীল সফটওয়্যারগুলোও দেশীয় প্রযুক্তিতে এনক্রিপ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আসেলসান ও তুর্ক টেলিকমের এই যৌথ প্রকল্প সম্প্রতি আরও গতি পেয়েছে। আইদিন এরকোচ জানান, প্রসেসিং ক্ষমতা, মেমোরি ও ব্যাটারি লাইফের ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রেখেও ফোনগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চলছে।
স্মার্টফোন তৈরির জন্য প্রথম কারখানাটি ইস্তাম্বুলে স্থাপন করা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দ্বিতীয় কারখানাও চালুর পরিকল্পনা রয়েছে। শুরুতে দেশীয় সফটওয়্যার ব্যবহার করা হলেও ধীরে ধীরে তুরস্কের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রকল্পের প্রাথমিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে এনক্রিপ্টেড মডেলটিকে। এই ফোন সবার আগে সরকারি কর্মকর্তাদের কাছে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে সাধারণ গ্রাহকদের জন্যও খোলা বাজারে পাওয়া যাবে ডিভাইসগুলো।
এ ছাড়া তুরস্কের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘টগ’-এর ডিজিটাল ইন্টারফেসের সঙ্গে নতুন স্মার্টফোন সহজেই যুক্ত করার সুবিধা রাখা হচ্ছে। ফলে দেশীয় প্রযুক্তির বিভিন্ন পণ্যের মধ্যে সমন্বিত ব্যবহারের সুযোগ তৈরি হবে।
নতুন স্মার্টফোন ব্র্যান্ডের নাম চূড়ান্ত করার পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রক্রিয়াও চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের শুরুতে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের উপস্থিতিতে ফোনগুলোর আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে।
এনএনবাংলা/

