



বিশ্বকাপের ইতিহাসে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন তিনি। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বকাপ শুরুর আগে মেসির ঝুলিতে ছিল ১৩টি গোল। এরপর ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৪-তে নিয়ে যান। তাতে তিনি মেসিকে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে তৃতীয় স্থানে উঠে এসেছিলেন।
তবে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই সেই সমীকরণ বদলে দেন মেসি। পুরো ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬, যা ক্লোসার দীর্ঘদিনের সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান।
ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছেন মিরোস্লাভ ক্লোসা ও লিওনেল মেসি। তাদের ঠিক পরেই ১৫ গোল নিয়ে অবস্থান করছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। আর ১৪ গোল নিয়ে পরের স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
মেসির এই অর্জন বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পঞ্চম বিশ্বকাপে খেলতে নেমে তিনি শুধু ক্লোসার রেকর্ড স্পর্শই করেননি, বরং সেটি ভেঙে একক সর্বোচ্চ গোলদাতা হওয়ার দারুণ সুযোগও তৈরি করেছেন। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন আর্জেন্টাইন অধিনায়ক।
আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি যেন আবারও প্রমাণ করলেন, বয়স তার পারফরম্যান্সে কোনো বাধা নয়। বিশ্বকাপের মঞ্চে তার জাদু এখনো সমান উজ্জ্বল, আর তার ইতিহাস গড়ার অভিযাত্রাও এখনও থেমে যায়নি।
এনএনবাংলা/পিএইচ
Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপগোলমেসি
এ সম্পর্কিত আরও পড়ুন