Skip to content

Upcoming
England
0-0
Croatia
Source: ESPN

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

শেষ সময়ে জাদু দেখালেন এমবাপ্পে। ছবি: রয়টার্স

প্রথম ম্যাচেই নিজের তারকাখ্যাতির ঝলক দেখালেন কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপের অভিযান দারুণভাবে শুরু করেছে ফ্রান্স। গ্রুপ-ই’র ম্যাচে আফ্রিকার তেরাঙ্গা লায়ন্স সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে লা ব্লুজ।

এই ম্যাচে দুটি গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৪-তে উন্নীত করেছেন এমবাপ্পে। এর মাধ্যমে তিনি স্বদেশি জাঁ ফঁতের বিশ্বকাপ গোলসংখ্যা ছাড়িয়ে গেছেন এবং জার্মান কিংবদন্তি গার্ড মুলারের রেকর্ড স্পর্শ করেছেন।

ম্যাচের আগে হট ফেভারিট হিসেবে মাঠে নামে ফ্রান্স। তবে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেনেগাল। ২৫তম মিনিটে কামারার জোরালো শট ফ্রান্সের পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধের যোগ করা সময়েও এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল তেরাঙ্গা লায়ন্সরা। কিন্তু ডি-বক্সের ভেতর প্রায় ফাঁকা গোলপোস্ট পেয়েও ইসমাইলা বল উড়িয়ে মারেন ক্রসবারের ওপর দিয়ে।

বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণে সেনেগালকে চাপে রাখে ফরাসিরা। ওলিসে ও এমবাপ্পের একাধিক প্রচেষ্টা রুখে দেন সেনেগালের গোলরক্ষক। এক পর্যায়ে ডি-বক্সের ভেতরে এমবাপ্পে ফাউলের শিকার হলেও পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি।

অবশেষে ম্যাচের অচলাবস্থা ভাঙেন এমবাপ্পে। তার গোলে এগিয়ে যায় ফ্রান্স, যা চলতি আসরে তার প্রথম গোল। সেই সঙ্গে বিশ্বকাপ গোলসংখ্যায় তিনি ব্রাজিল কিংবদন্তি পেলেকেও ছাড়িয়ে যান।

প্রথম গোলের পর আর থামেনি ফরাসিরা। ৮২তম মিনিটে মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন বার্কোলা।

যোগ করা সময়ে নাটকীয়তা ফিরে আসে ম্যাচে। ৯৫তম মিনিটে ইব্রাহিম এমবাই গোল করে ব্যবধান ২-১ করেন। এতে ম্যাচে ফেরার আশা জাগে সেনেগালের।

তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেননি এমবাপ্পে। এক মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত বুলেট শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। এটি ছিল ফ্রান্সের হয়ে তার ৫০তম আন্তর্জাতিক গোল এবং বিশ্বকাপে ১৪তম গোল। একই সঙ্গে জাতীয় দলের হয়ে অলিভার জিরুদের সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ডও স্পর্শ করেন ফরাসি এই তারকা।

৩-১ গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স।

এনএনবাংলা/পিএইচ