



ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি দেখতে সবসময়ই উদগ্রীব থাকেন ফুটবলপ্রেমীরা। আর সেই ম্যাচ যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তবে উত্তেজনা পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেলেছিল দুই দল। এরপর প্রায় তিন যুগ পেরিয়ে গেলেও বিশ্বকাপে আর দেখা হয়নি তাদের।
তবে এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে। চলমান বিশ্বকাপের সমীকরণ ঠিক থাকলে সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, সেই ম্যাচেও জয় পাওয়ার সম্ভাবনাই বেশি আলবিসেলেস্তেদের। এরপর দ্বিতীয় রাউন্ডে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে তারা, যেখানে উরুগুয়ে এগিয়ে রয়েছে।
অন্যদিকে বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো না হলেও হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে আসে ব্রাজিল। শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা। ফলে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান।
ব্রাজিল ও আর্জেন্টিনা যদি নিজ নিজ দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তী বাধা সফলভাবে পেরিয়ে যেতে পারে, তাহলে সেমিফাইনালে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
বিশ্বকাপের মূল পর্বে সবশেষ ১৯৯০ সালের ২৪ জুন ইতালির তুরিনে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। রাউন্ড অব সিক্সটিনের সেই হাইভোল্টেজ ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচের ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনা-র অসাধারণ অ্যাসিস্ট থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া।
বিশ্বকাপের নকআউট পর্বে এটাই এখন পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনার একমাত্র মুখোমুখি লড়াই। তাই এবার যদি সেমিফাইনালে দুই দলের দেখা হয়, তাহলে ১৯৯০ সালের সেই হারের প্রতিশোধ নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইবে ব্রাজিল। অন্যদিকে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে আরেকটি স্মরণীয় জয় তুলে নিতে মরিয়া থাকবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
এনএনবাংলা/পিএইচ
Tags: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপব্রাজিল-আর্জেন্টিনা
এ সম্পর্কিত আরও পড়ুন