




বিগত সরকারের নেওয়া প্রায় ১ হাজার ৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় ধরনের দায় বা ‘লায়াবিলিটি’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এসব প্রকল্পের অনেকগুলোর কাজ ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়ে যাওয়ায় সেগুলো পুরোপুরি বাতিল করাও সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীতে অনুষ্ঠিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “বিগত সরকারের নেওয়া ১ হাজার ৩০০ ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ওই প্রকল্পগুলো এখন আমাদের জন্য লায়াবিলিটি। অনেক প্রকল্পের ৫০-৬০ শতাংশ বাস্তবায়ন হয়ে গেছে। কিছু বাদ দিতে পারছি, কিন্তু সব বাদ দেওয়া সম্ভব নয়। অবস্থাটা এমন—না ফেলতে পারছি, না গিলতে পারছি।”
অর্থমন্ত্রী জানান, অবকাঠামো ও উন্নয়ন খাতের বিপুলসংখ্যক চলমান প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব প্রকল্পের উল্লেখযোগ্য অংশের কাজ সম্পন্ন হওয়ায় এগুলো বন্ধ করে দেওয়ার সুযোগও সীমিত।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারকে মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক অর্থনৈতিক চাপ, অর্থায়ন সংকট এবং স্পট বায়িংয়ের মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও অর্থনীতিতে নতুন চিন্তা ও নতুন মডেলভিত্তিক দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা চলছে।
সেমিনারে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৃৎশিল্প, শীতলপাটি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুশিল্প খাতে কর্মরত কারিগরদের জন্য ‘সৃজনশীল অর্থনীতি’ভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে।
তার ভাষায়, “আমরা চাই তাদের পণ্য আরও বাজারযোগ্য হোক। যে পণ্য এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, সেটি যেন ২ হাজার টাকায় বিক্রি করা যায়। মানুষের আয় বাড়লে দেশের জিডিপিও বাড়বে।”
এনএনবাংলা/
Tags: ১৩০০ উন্নয়ন প্রকল্পঅর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরীবাংলাদেশ অর্থনীতি
এ সম্পর্কিত আরও পড়ুন