Skip to content

Upcoming
France
0-0
Spain
Source: ESPN

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃ’ত্যু

গত জুন মাসের শেষ দিকে টানা আট দিন ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। ইউরোপভিত্তিক সংস্থা ইউরোমোমো রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ইউরোমোমো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় পরিচালিত একটি জরিপ সংস্থা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত চলা এই তাপপ্রবাহের প্রভাবেই ইইউভুক্ত ২৭টি দেশে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তারও বেশি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে ‘হিট স্ট্রোক’ বা অতিরিক্ত গরমের কারণে হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায়।

এ বিষয়ে ইউরোমোমোর অন্যতম কর্মকর্তা এবং ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে বলেন, “প্রচণ্ড তাপপ্রবাহের কারণেই এসব মানুষের মৃত্যু হয়েছে। এর অন্য কোনো ব্যাখ্যা নেই। এত অল্প সময়ে বছরের এই সময়ে এত মানুষের মৃত্যু সত্যিই অস্বাভাবিক এবং উদ্বেগজনক।”

তবে ইইউভুক্ত কোন দেশে কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি ইউরোমোমো। সংস্থাটি জানিয়েছে, মৃতদের বড় একটি অংশ ফ্রান্স ও বেলজিয়ামের বাসিন্দা।

সরকারি তথ্য অনুযায়ী, তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমের কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে গত আট সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে।

এদিকে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিপিসি) রেকর্ড বলছে, ইউরোপে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছিল করোনা মহামারির সময়। ২০২০ সালের মে-জুন মাসে মহামারির চূড়ান্ত পর্যায়ে এক সপ্তাহে এক হাজার ৬৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়।

ইউরোপের বিজ্ঞানীদের মতে, জুন মাসের এই তীব্র তাপপ্রবাহের পেছনে মানুষসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে। তাদের আশঙ্কা, আগামী বছরগুলোতেও এ ধরনের চরম তাপপ্রবাহ বারবার ফিরে আসতে পারে।

এনএনবাংলা/