Skip to content

আমি নিশ্চিত ফাইনালেও গোল করবে মেসি: এমবাপ্পে

ফাইল ছবি: এএফপি

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তবে এই রেকর্ডটি যে খুব বেশি সময় এককভাবে তার দখলে থাকবে, এমনটা তিনি নিজেও মনে করছেন না। বরং স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালেও সাবেক প্যারিস সেন্ট জার্মেই সতীর্থ লিওনেল মেসি গোল করবেন বলেই বিশ্বাস তার।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরেছে ফ্রান্স। মায়ামিতে গোলবন্যার সেই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ নিয়ে যান এমবাপ্পে। এর মাধ্যমে ২১ গোল করা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন ২৭ বছর বয়সী এই ফরাসি তারকা।

তবে ব্যক্তিগত এই ঐতিহাসিক অর্জনের পরও এমবাপ্পের কণ্ঠে ছিল দলীয় ব্যর্থতার হতাশা। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার চেয়ে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলতেই বেশি পছন্দ করতেন।

এমবাপ্পে বলেন, ‘আমি প্রতিটি ম্যাচেই দলকে সাহায্য করার চেষ্টা করি। বিশ্বকাপে এত গোল করতে পারলে অবশ্যই একজন খেলোয়াড় বিশেষ একটি উচ্চতায় পৌঁছে যায়। কিন্তু সর্বকালের সর্বোচ্চ গোলদাতা না হয়ে আগামীকালের ফাইনাল খেলতেই আমি বেশি পছন্দ করতাম।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লিওনেল মেসিকে নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এমবাপ্পে বলেন, ‘লিও মেসি আগামীকালও গোল করবে। সে সব সময়ই গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের কাজটি করে।’

স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি একটি গোল করতে পারলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যাও হবে ২২। সেক্ষেত্রে সর্বকালের গোলদাতার তালিকায় আবারও এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসবেন আর্জেন্টিনা অধিনায়ক। এমবাপ্পের বিশ্বাস, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আরও একটি নির্ধারক মুহূর্ত উপহার দেবেন তার সাবেক সতীর্থ।

এদিকে চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে রয়েছেন এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের পর টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০। অন্যদিকে, ফাইনালের আগে মেসির গোলসংখ্যা ৮।

এনএনবাংলা/