Skip to content

বিশ্বকাপ ফাইনাল দেখা যাবে দেশের একাধিক সিনেমা হলে

ছবি এআই সাহায্যে তৈরি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবার শুধু স্টেডিয়াম বা ফ্যান জোনেই সীমাবদ্ধ নয়। দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ বড় পর্দায় সরাসরি দেখাবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

ফলে এক রাতের জন্য সিনেমা হলই পরিণত হচ্ছে ফুটবলপ্রেমীদের মিলনমেলায়। বিশ্বকাপ শুরুর পর থেকেই ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

দর্শকদের আগ্রহ বিবেচনায় সিনেমার নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি বিশ্বকাপের আলোচিত ম্যাচগুলোও বড় পর্দায় দেখানো হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ সম্প্রচারের আয়োজন করা হয়েছে।

এবার বিশ্বকাপের ফাইনাল সরাসরি দেখা যাবে নারায়ণগঞ্জের কাচপুরের চাঁদ মহল সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, বিজিবি সিনেমা হল সিলেট, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে।

আয়োজকদের দাবি, ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি। অনেকেই আগেভাগেই টিকিট সংগ্রহ করেছেন। বড় পর্দা, উন্নত সাউন্ড সিস্টেম এবং একসঙ্গে শত শত ফুটবলপ্রেমীর সঙ্গে খেলা উপভোগের সুযোগ থাকায় প্রেক্ষাগৃহগুলোতে তৈরি হয়েছে উৎসবের আবহ।

বাংলাদেশে সিনেমা হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর সংস্কৃতি অবশ্য একেবারে নতুন নয়। এর আগে ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছিল। সে সময়ও দর্শকদের ব্যাপক সাড়া মিলেছিল।

পরবর্তীতে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপেও মধুমিতা সিনেমা হলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি দেখানো হয়। এরও আগে, ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচ প্রদর্শন করেছিল রাজধানীর জোনাকী সিনেমা হল।

প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরকে ঘিরে এমন আয়োজন শুধু দর্শকদের নতুন অভিজ্ঞতাই দিচ্ছে না, একই সঙ্গে প্রেক্ষাগৃহেও ফিরিয়ে আনছে উৎসবের আমেজ। সিনেমার পাশাপাশি বড় পর্দায় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট প্রদর্শনের এই উদ্যোগ ভবিষ্যতেও দর্শক আকর্ষণে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

এদিকে, মাঠের লড়াইয়ে একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে লামিনে ইয়ামালের স্পেন। এর বাইরে থাকছে চোখ ধাঁধানো বিনোদনের ঝলকও। হলিউড তারকা টম ক্রুজ থেকে শুরু করে রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, মার্কিন র‍্যাপার পোস্ট ম্যালোন, অস্কারজয়ী গায়িকা জেনিফার হাডসন, ব্রিটিশ গায়ক ক্রিস মার্টিন, ম্যাডোনা, জাস্টিন বিবার, কে-পপ ব্যান্ড বিটিএস এবং শাকিরার মতো বিশ্বতারকারা পারফর্ম করবেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পরিণত হবে বিশ্বের অন্যতম বড় বিনোদনের মঞ্চে।

এনএনবাংলা/