Skip to content

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা

কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এটি সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তার নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ গঠন করেছেন। দায়িত্বপ্রাপ্ত কেউ যদি কাঙ্ক্ষিত মানের পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন, কিংবা কোনো মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর করতে দপ্তর পুনর্গঠন বা দায়িত্ব পুনর্বণ্টনের প্রয়োজন দেখা দেয়, তাহলে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। সে লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনা হতে পারে।

তবে সম্ভাব্য পুনর্গঠন বা দায়িত্ব পুনর্বণ্টনের ক্ষেত্রে ১৮০ দিনের কর্মদক্ষতা মূল্যায়নকে মানদণ্ড হিসেবে ধরা হবে কি না, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

সাইবার বুলিং প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে অনেক নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে হেয় করা হচ্ছে। এসব অপতৎপরতা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, এ ধরনের অপরাধ মোকাবিলায় সরকার আইনজীবী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে আইন লঙ্ঘন করে কোনো ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

এনএনবাংলা/