Skip to content

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৮ বার

ছবি: সংগৃহীত

উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হলেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও একবার পেছানো হয়েছে। এর ফলে আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ মোট ১২৮ বার পিছিয়েছে।

বুধবার (২২ জুলাই) ধার্য দিনে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন করে তারিখ নির্ধারণ করেন আদালত।

ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক। অন্য আসামিরা কারাগারে রয়েছেন।

প্রথমে মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার এক উপ-পরিদর্শক (এসআই)। ঘটনার চার দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করেও রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে একই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে দেওয়া হয়।

ঘটনার এক যুগ পর এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। গত বছরের নভেম্বরে র‍্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নেয় পিবিআই। বর্তমানে সংস্থাটি মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এনএনবাংলা/