আহত ও শহীদদের স্মরণে নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরার ‘আমেরিকায় জুলাই জাগরণ’
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এনসিপি ইউএসএ ডায়াস্পোরার উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমেরিকায় জুলাই জাগরণ’। এতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশি, এনসিপির নেতাকর্মী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং জুলাই সনদ বাস্তবায়নে দেশ-বিদেশের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য দেন আসিফ মাহমুদ। এছাড়া বক্তব্য দেন মুনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় সদস্য তাওহিদ তানজিম, যুগ্ম সদস্যসচিব উম্মে তাসবিহ এবং কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম। ভিডিও বার্তার মাধ্যমে অংশ নেন আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, দিলশাদ পারুল, এহতেশামুল হক এবং বিশ্বের বিভিন্ন দেশের এনসিপি ডায়াস্পোরার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ইউএসএ ডায়াস্পোরার আহ্বায়ক রিদোয়ান হোসেন তালুকদার (অক্ষর), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনা হাফসা, সদস্যসচিব মো. আবদুল মোহাইমিন (সাইমন), মুখ্য সংগঠক এম. এইচ. সিদ্দিক, যুগ্ম অর্থ সম্পাদক নিজামুল ওয়াহেদ শাহির, নিউইয়র্ক স্থানীয় সংগঠক রাকিব উদ্দিন, নিউ জার্সি স্থানীয় সংগঠক তৌকির চৌধুরী এবং উপদেষ্টা রওশন হক ও সেলিনা ফেরদৌসী উদ্দিন।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন ড. ওয়াজেদ খান, কবি কাজী জহিরুল ইসলাম, বিএসএস প্রধান আল আমিন রাসেল, মানবাধিকারকর্মী কাজী ফৌজিয়া এবং লেখক-গবেষক আনোয়ার হোসেন মনজু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম. এইচ. সিদ্দিক। কারিগরি সহায়তায় ছিলেন ক্যানসার বিজ্ঞানী রাহাত আলম। মিডিয়া সমন্বয়ে সহযোগিতা করেন সানজিদা নওশীন প্রমি ও হাসিবুল কবির মাহিন।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন পর্ব ছিল জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণ। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে আত্মত্যাগ, বেদনা, সাহস এবং নতুন বাংলাদেশের স্বপ্নের কথা।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামী আমেরিকার কেন্দ্রীয় প্রধান অধ্যাপক ড. নকিবুর রহমান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব, অবসরপ্রাপ্ত মেজর সুমন, অবসরপ্রাপ্ত মেজর হালিম, যুক্তরাষ্ট্রে বসবাসরত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুদৃঢ়করণ এবং জুলাই সনদ বাস্তবায়নে দেশ-বিদেশের নাগরিকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জুলাই উপলক্ষে আয়োজিত কর্মসূচির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাংলাদেশি-আমেরিকান তরুণদের ব্যান্ড Qissa সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
আলোচনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।
এনএনবাংলা/
