সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

সালমান শাহ হত্যা মামলা

ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় ও ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করেছিলেন তার স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই।

গত রোববার (৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

একই দিন বিকেলে সিআইডি ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, রাজসাক্ষী রিজভী আহমেদের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে সালমান শাহ হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওই জবানবন্দি অনুযায়ী, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করা হয়েছিল বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর।

এদিকে হত্যা পরিকল্পনার পাশাপাশি ডন ও ডেভিডের বিরুদ্ধে সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের চেষ্টার অভিযোগও রয়েছে। মামলা তুলে নিতে চাপ প্রয়োগের উদ্দেশ্যে বিল্টুকে অপহরণের পরিকল্পনা করার সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই রিজভী আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে ২৪ জুলাই তিনি আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে অপমৃত্যু বনাম হত্যা মামলা নিয়ে চলা আইনি জটিলতার পর গত বছরের ২১ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা। সেই ধারাবাহিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রায় তিন দশক পর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন।

উল্লেখ্য, সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে ১২ লাখ টাকার চুক্তির বিষয়টি এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি এবং রাজসাক্ষীর ১৬৪ ধারার জবানবন্দির বরাতে উপস্থাপন করা হয়েছে।

এনএনবাংলা/