ইউনিলিভার বাংলাদেশের হেড অব লিগ্যাল হলেন ব্যারিস্টার আবদুল্লাহ যোবায়ের

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ব্যারিস্টার আবদুল্লাহ যোবায়েরকে হেড অব লিগ্যাল এবং হোম কেয়ার জেনারেল কাউন্সেল হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তিনি ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট কমিটিতেও যুক্ত হয়েছেন।
১ আগস্ট থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। নতুন দায়িত্বে তিনি ইউনিলিভার বাংলাদেশের আইনবিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দেবেন এবং ব্যবসা, করপোরেট সুশাসন ও নিয়ন্ত্রক বিষয়ক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৌশলগত আইনি পরামর্শ দেবেন।
আবদুল্লাহ যোবায়ের ২০২১ সালের আগস্ট মাসে সিনিয়র লিগ্যাল কাউন্সেল হিসেবে ইউনিলিভার বাংলাদেশে যোগ দেন। বর্তমান দায়িত্ব নেওয়ার আগে তিনি এ পদে কর্মরত ছিলেন। এফএমসিজি ও টেলিযোগাযোগ খাত এবং স্বাধীন আইন পেশায় তার ১৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ‘লিংকনস ইন’ থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
ইউনিলিভার বাংলাদেশে কর্মরত অবস্থায় যোবায়ের গুরুত্বপূর্ণ মামলা, সালিশ ও বিরোধ নিষ্পত্তির কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে জটিল নিয়ন্ত্রক পরিবেশে কোম্পানির কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছেন। পণ্য ব্যবহারের পর সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়বদ্ধতা (ইপিআর), পণ্যের মানদণ্ড ও শ্রম আইন পরিপালনসহ বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রক নীতিবিষয়ক অ্যাডভোকেসি এবং শিল্পখাতের অংশীজনদের সঙ্গে সম্পৃক্ততায়ও তিনি অবদান রেখেছেন।
এ ছাড়া, আইনবিষয়ক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ এগিয়ে নিতে তিনি ভূমিকা রেখেছেন, যা উৎপাদনশীলতা ও সেবা দেওয়ার মান উন্নত করেছে। তিনি ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং কোম্পানির করপোরেট সুশাসন ও বিধিবদ্ধ দায়িত্ব পালনে সহায়তা করেছেন।
এনএনবাংলা/এফএস
