পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী বেসরকারি একটি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের কাজ করতেন। তিনি মাসকান্দা এলাকার জেলা পরিষদ হাইস্কুল রোডের মোবারক হোসেন ভুট্টুর ছেলে।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে রাব্বী দৌড়ে একটি দোকানের ভেতর আশ্রয় নেন। হামলাকারীরাও দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই রাব্বীকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এনএনবাংলা/
