ভারতের জায়গায় ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ!

ভারতের জায়গায় ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে কলকাতায় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। ওই ম্যাচকে অধিক গুরুত্ব দিয়ে আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে দেশটি। ফলে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকেরা।
শেষ মুহূর্তে পাওয়া এই আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের দিকেই এগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার বিকেলে জাতীয় দল কমিটির বিশেষ সভায় টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত কমিটির সদস্যরা বাংলাদেশকে আসিয়ান কাপে পাঠানোর ব্যাপারে সম্মতি জানিয়েছেন। এখন ফিফার নিশ্চয়তার অপেক্ষায় রয়েছে বাফুফে।
বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো, এতে বাফুফেকে বাড়তি আর্থিক চাপ নিতে হচ্ছে না। আয়োজকদের পক্ষ থেকেই অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও আবাসনের খরচ বহন করা হবে। পাশাপাশি টুর্নামেন্টের জন্য দলগুলোকে অর্থও দেওয়া হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ডিভিশন-১। এতে অংশ নেওয়া আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। ভারতের জায়গায় বাংলাদেশ গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
আসিয়ান কাপের ফরম্যাটেও রয়েছে ভিন্নতা। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে খেলবে। শুধু শিরোপার লড়াইয়েই শেষ হবে না প্রতিযোগিতা। দুই গ্রুপের রানার্সআপ দল মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। দুই গ্রুপের তৃতীয় হওয়া দল খেলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। আর গ্রুপে চতুর্থ হওয়া দুটি দল খেলবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ।
ফলে টুর্নামেন্টে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ভারতের নাম প্রত্যাহারের পর ফিফার এই নতুন টুর্নামেন্টে তাদের ফাঁকা জায়গায় বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আন্তর্জাতিক ফুটবলের বড় একটি সুযোগ।
এনএনবাংলা/
