গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্যমন্ত্রী

দেশের গণমাধ্যম বর্তমানে যেকোনো সময়ের চেয়ে বস্তুনিষ্ঠ ও স্বাধীন পরিবেশ উপভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানী ঢাকায় ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা ও পেশাগত কাঠামোর ওপর আলোকপাত করে মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, গণমাধ্যমের মূল দায়িত্বই হলো রাষ্ট্র ও ক্ষমতার কাছে জবাবদিহিতা চাওয়া। এই সুস্থ চর্চা বজায় রাখা যেকোনো গণতান্ত্রিক সমাজের জন্য অপরিহার্য।
তথ্যের অবাধ প্রবাহের সুযোগ নিয়ে যারা অপসাংবাদিকতা বা অসত্য সংবাদ পরিবেশন করেন, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের মর্যাদা বজায় রাখার পরামর্শ দেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হলো ক্ষমতাসীনদের প্রশ্ন করা। এই দায়িত্ব স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা যাতে না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জহির উদ্দিন স্বপ্ন বলেন, অতীতে যারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিয়েছে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার একটি নতুন ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এনএনবাংলা/এফএস

