সাম্প্রতিক
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, থামিয়ে মামলা দিল ট্রাফিক পুলিশ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর নিলামে বিক্রি হওয়া সম্পত্তিতে ‘ভ্যাট’ অবৈধ ঘোষণা হাইকোর্টের তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার, এনসিপির মানববন্ধনে ‘হামলা’ যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার কাছে তিন গোলে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ ট্রাম্পের মুখ ১ ডলারে, শত বছরের রেকর্ড ভেঙে মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
Skip to content

জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার, এনসিপির মানববন্ধনে ‘হামলা’

ছবি: সংগৃহীত

জেলা প্রশাসনের আশ্বাসে জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। গতরাত থেকে চলা ধর্মঘট প্রত্যাহারের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল থেকে জেলায় দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

তবে একই দিন রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, পরিবহন শ্রমিকরা তাদের ওপর হামলা করেছেন। অন্যদিকে শ্রমিকদের দাবি, তারা হামলা করেননি, শুধু মানববন্ধনকারীদের ধাওয়া দিয়েছেন।

রাজীব পরিবহনের একটি বাস দুর্ঘটনাকে কেন্দ্র করেই এসব ঘটনার সূত্রপাত। গত ৩১ আগস্ট জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস উল্টে ইজিবাইকের ওপর পড়লে চারজন নিহত হন।

এর পরদিন বুধবার সকালে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় মানববন্ধন করেন স্থানীয় কয়েকজন। এ সময় সড়ক দিয়ে যাওয়ার পথে রাজীব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে বাস দুটি নান্দিনা পূর্ববাজার খেলার মাঠ এলাকায় নিয়ে ভাঙচুর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। সেখানে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

এদিকে, রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে এনসিপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে পরিবহন শ্রমিকদের হামলার অভিযোগ ওঠে।

জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান ও মাহিন খন্দকারের ভাষ্য, তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। এ সময় বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন সদস্য এসে তাদের ওপর হামলা করেন। এতে যুবশক্তি ও ছাত্রশক্তির দুই আহ্বায়কসহ অন্তত পাঁচজন আহত হন। পরে তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

মাহিন খন্দকার বলেন, ‘পরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিই।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ। তিনি বলেন, ‘ডিসি ও এসপি স্যারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে ডিসি স্যারের সঙ্গে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মিটিং ছিল। মিটিংয়ে যাওয়ার সময় ডিসি অফিসের সামনে তারা (মানববন্ধন আয়োজকরা) অশালীন ভাষায় কথা বলছিল। তা সহ্য করতে না পেরে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/