ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু, নিখোঁজ ৮৭

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে সমুদ্রে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার (১ দশমিক ৩ মাইল) দূরে এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুন লাগে।
ফিলিপাইনের কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, “এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে মোট ১৩৪ জন (১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু) ছিলেন। বুধবার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটায় কোডন পৌরসভার মারসিলা বারাঙ্গায়ের উত্তর-পূর্বে প্রায় ১.২ সামুদ্রিক মাইল দূরে ফেরিটিতে আগুন লেগে যায়। ট্র্যাকিং ডাটা অনুযায়ী, ফেরিটি ম্যানিলা থেকে ছেড়ে কোডনের দিকে যাচ্ছিল। আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছাতে আমরা বেশি সময় নিইনি। ফেরিটি থেকে ৪২ জনকে জীবিত এবং ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৭ জন নিখোঁজ অবস্থায় আছেন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনে পুড়তে থাকা সেই ফেরিটির ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে, পুরো ফেরিকে গ্রাস করে নিয়েছে আগুন।
নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা অনুসন্ধান চালাচ্ছেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। নিহত ৫ জনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
এনএনবাংলা/এফএস
