যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল রেকর্ড ৬ ডলার

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটিতে ডিজেলের দামে এ ঊর্ধ্বগতি দেখা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোটর ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের জাতীয় গড় দাম গ্যালনপ্রতি ৬ দশমিক ০৫ ডলার। এক সপ্তাহ আগেও এই দাম ছিল ৫ দশমিক ৮৫ ডলার। আর এক বছর আগে গ্যালনপ্রতি ডিজেলের গড় দাম ছিল ৩ দশমিক ৭০ ডলার।
অর্থাৎ, এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির প্রভাব এরই মধ্যে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় পড়তে শুরু করেছে।
বাড়ছে পরিবহন ও সরবরাহ ব্যয়
ডিজেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও সরবরাহের খরচও বাড়ছে। যুক্তরাষ্ট্রে পণ্যবাহী ট্রাক ও ডেলিভারি ব্যবস্থার বড় একটি অংশ ডিজেলনির্ভর হওয়ায় জ্বালানির বাড়তি ব্যয় সরাসরি পরিবহন খরচে প্রভাব ফেলছে।
ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান বাড়তি খরচ সামাল দিতে অনলাইন অর্ডার ও ডাকযোগে পাঠানো পণ্যের ওপর গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া শুরু করেছে।
মুদি বাজারে পড়তে পারে বড় প্রভাব
ডিজেলের দাম বৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে মুদি বাজারে। বিশেষ করে মাংস ও শাকসবজির মতো দ্রুত পচনশীল পণ্য নিয়মিত পরিবহন ও মজুত করতে হয়। এসব পণ্য উৎপাদনেও ডিজেলচালিত কৃষিযন্ত্রের ব্যবহার রয়েছে।
ফলে পরিবহন থেকে শুরু করে উৎপাদন—পুরো সরবরাহ ব্যবস্থায় ডিজেলের বাড়তি দাম ব্যয় বাড়িয়ে দিতে পারে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এনএনবাংলা/
